রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত অন্তত ৮ শ্রমিক

রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত অন্তত ৮ শ্রমিক

NEWS DESK : রাজস্থানের আলওয়ার জেলার ভিওয়াড়িতে একটি রাসায়নিক কারখানায় সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কারখানার ভেতরে দগ্ধ হয়ে অন্তত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ধ্বংসস্তূপের নিচে আরও এক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

ঘটনার সূত্রপাত সোমবার ভোরে, যখন কারখানার ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে এবং একের পর এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, অন্তত তিন থেকে চারটি বড় বিস্ফোরণ শোনা গিয়েছে। দুর্ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাহ্য পদার্থের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকাতেও আতঙ্ক সৃষ্টি করে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, গত কয়েক মাস ধরে বন্ধ থাকা এই রাসায়নিক কারখানায় গোপনে ও বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল। দাহ্য রাসায়নিক মজুত থাকার কারণেই আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও কারখানার ভেতরের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ।

ভিওয়াড়ির সহকারী জেলাশাসক সুস্মিতা মিশ্র জানিয়েছেন, উদ্ধারকাজ এখনো জারি রয়েছে। দমকল ও পুলিশ যৌথভাবে খতিয়ে দেখছে যে বাজি তৈরির কারণেই এই বিস্ফোরণ কি না। সাবধানতা হিসেবে পার্শ্ববর্তী কারখানাগুলোও সাময়িকভাবে খালি করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া এবং চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *