ঘরে বসেই মিলবে মাসে ১৫০০ টাকা, যুবসাথী প্রকল্পে আবেদন শুরুর মহালগ্ন

NEWS DESK : রাজ্যজুড়ে বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার রাত ১২টা থেকেই শুরু হয়ে গেল ‘যুবসাথী’ প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। নবান্ন সূত্রে জানানো হয়েছে, অফলাইনে আবেদনের বিপুল চাপ সামাল দিতেই এই ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে আবেদনকারীরা নির্দিষ্ট সরকারি পোর্টালে (https://apas.wb.gov.in) গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ঘোষণা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১ এপ্রিল থেকেই এটি কার্যকর করা হচ্ছে।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা এই আর্থিক সহায়তার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদন মঞ্জুর হলে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর মাসিক ১৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। প্রথম দিনেই অফলাইন শিবিরে সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন জমা পড়ায় ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভিড় এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এখন সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করার ওপর জোর দিচ্ছে প্রশাসন।
আবেদনকারীকে পোর্টালে লগইন করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার ও ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। এছাড়া একটি সাদা কাগজে করা সইয়ের ছবিও প্রয়োজন। সমস্ত নথি আপলোডের পর মোবাইলে আসা ওটিপি (OTP) দিলেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রযুক্তিগত সমস্যায় সহায়তার জন্য হেল্পডেস্কের সুবিধাও রাখা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি নবান্নের সাংবাদিক বৈঠকে দ্রুত প্রকল্প চালুর যে ঘোষণা করা হয়েছিল, সেই অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র গ্রহণের কাজ চলবে। রাজ্যজুড়ে আয়োজিত ৭৬৯টি শিবিরে প্রথম দিনেই লক্ষ্মীর ভাণ্ডার বা খেতমজুর প্রকল্পের তুলনায় যুবসাথী নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রায় ৬ লক্ষ ২৯ হাজার মানুষের ভিড়ের মধ্যে সিংহভাগই ছিলেন এই নতুন প্রকল্পের আবেদনকারী। সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে নবান্ন।