রোহিত শেঠির বাড়িতে হামলা চালিয়ে পালানোর পথ বন্ধ করল মুম্বাই পুলিশ

NEWS DESK : বলিউড পরিচালক রোহিত শেঠির জুহুর বাসভবনে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল আরও ছয় অভিযুক্ত। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজস্থান থেকে এদের গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে আটক করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি একদল দুষ্কৃতী পরিচালকের বাড়ির বাইরে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল, যা নিয়ে বর্তমানে উত্তাল মায়ানগরী।
এই নজিরবিহীন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (IMPPA)। সম্প্রতি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে একটি চিঠি লিখে দ্রুত তদন্ত ও উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছে সংস্থাটি। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, রোহিত শেঠির মতো ব্যক্তিত্বের ওপর এই ধরনের আক্রমণ বিনোদন জগতের শিল্পী, প্রযোজক এবং টেকনিশিয়ানদের মধ্যে প্রবল নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ তৈরি করেছে।
আইএমপিপিএ-র মতে, রোহিত শেঠি কেবল একজন সফল পরিচালকই নন, বরং জাতীয় স্বার্থে সর্বদা দেশের পাশে দাঁড়িয়েছেন। তাই তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া রাজ্য সরকারের নৈতিক দায়িত্ব। বিনোদন জগতের সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে এই ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের অবিলম্বে হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি। বর্তমানে ধৃতদের মুম্বাই এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে।