বিকাশ ভবনে থালা বাটি হাতে চাকরিপ্রার্থীদের রণংদেহী মূর্তি

NEWS DESK : যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি নিয়োগ, এই অভিযোগে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। এনআইওএস (NIOS) থেকে ডি.এল.এড উত্তীর্ণ হাজার হাজার চাকরিপ্রার্থী এদিন ‘আছে ডিগ্রি নেই চাকরি’ স্লোগান তুলে মিছিলে সামিল হন। পুলিশি বাধা টপকে এগোতে গেলেই শুরু হয় তুমুল ধস্তাধস্তি, যার জেরে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আন্দোলনকারীদের মূল অভিযোগ, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনআইওএস প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত রাখছে। উচ্চ আদালতের রায় কেন মানা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে এদিন সরব হন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ করে দিতে হবে, অন্যথায় এই লড়াই থামবে না।
বিকাশ ভবনের সামনে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। বাধা পেয়ে আন্দোলনকারীরা সল্টলেকের রাজপথেই বসে পড়েন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে থালা-বাটি বাজিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। দীর্ঘদিনের বঞ্চনা ও কেবল আশ্বাসে কাজ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, যতক্ষণ না শিক্ষামন্ত্রী নিজে তাঁদের সঙ্গে কথা বলছেন বা নিয়োগের বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করছেন, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। সল্টলেকের রাজপথে থালা-বাটি বাজিয়ে এই অভিনব প্রতিবাদে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না মেলায় অনড় অবস্থানেই রয়েছেন ডি.এল.এড উত্তীর্ণ প্রার্থীরা।