টিভি দেখার নেশায় কি তবে ভাটা পড়ল, দর্শক কমতেই বড় লোকসানের মুখে নামী চ্যানেলগুলি

নিউজ ডেস্ক: ভারতীয় বিনোদন জগতে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যে টেলিভিশন একসময় ড্রয়িংরুমের অবিচ্ছেদ্য অংশ ছিল, বর্তমানে সেই টিভি শিল্পের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। ২০২৬ অর্থবর্ষের পরিসংখ্যান বলছে, দর্শক সংখ্যা কমার পাশাপাশি বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকেও আয় আশঙ্কাজনকভাবে কমেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওটিটি-র রমরমা এই ধস নামার অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিএআরসি (BARC)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টিভির মোট দর্শক সংখ্যা কমে ৭৩.৭ কোটিতে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় অনেকটাই কম। দর্শকরা এখন মূলত ডিডি ফ্রি ডিশ (DD Free Dish) বা বিভিন্ন ফ্রি ডিজিটাল পরিষেবার দিকে বেশি ঝুঁকছেন। এর সরাসরি প্রভাব পড়ছে বিজ্ঞাপনের বাজারে। ডেন্ৎসু (Dentsu)-র রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে মোট বিজ্ঞাপন ব্যয়ে টিভির অংশ কমে মাত্র ১৫ শতাংশে নেমে আসতে পারে।
এই মন্দার আঁচ লেগেছে দেশের প্রথম সারির মিডিয়া হাউসগুলোর গায়েও। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে জি এন্টারটেনমেন্টের নিট মুনাফা প্রায় ২৫ শতাংশ কমে গিয়েছে। বিজ্ঞাপন থেকে আয় কমেছে ১২ শতাংশ। জ়ি-এর সিইও পুণীত গোয়েঙ্কা জানিয়েছেন, এফএমসিজি (FMCG) সেক্টর থেকে বিজ্ঞাপন কম আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সুর শোনা গিয়েছে রিলায়েন্সের জিওস্টার (JioStar)-এর কর্তাদের গলাতেও। কনজ়িউমার ইলেকট্রনিক্স ও অন্যান্য খাতে খরচ কমে যাওয়ায় টিভি বিজ্ঞাপন বাজার এখন চ্যালেঞ্জের মুখে।
বর্তমানে পেইড টিভি গ্রাহকের সংখ্যা কমে ৮.৪ কোটিতে ঠেকেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকে থাকতে হলে এখন টিভি সংস্থাগুলিকে টেলিকম সংস্থাগুলোর সঙ্গে হাত মিলিয়ে ওটিটি বান্ডলিং বা নতুন কোনো ডিজিটাল কৌশলের পথে হাঁটতে হবে। দর্শকদের বদলে যাওয়া অভ্যাস সামাল দিতে না পারলে আগামী দিনে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা থাকছে।