ভারতের কাছে গোহারান হেরে মুখ পুড়ল পাকিস্তানের, নকভিকে নজিরবিহীন আক্রমণ শোয়েবের

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬১ রানে পর্যুদস্ত পাকিস্তান। প্রেমদাসা স্টেডিয়ামে সূর্যকুমার ব্রিগেডের দাপটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল আঘা বাহিনী। এই লজ্জাজনক হারের পর থেকেই উত্তাল ক্রিকেট দুনিয়া। মাঠের লড়াই গড়িয়েছে রাজনৈতিক তরজায়, এমনকি খোদ পাকিস্তানের অন্দরমহলেই শুরু হয়েছে চরম গৃহযুদ্ধ।
অযোগ্য নকভি দেশটাকে ধ্বংস করছে, তোপ শোয়েবের
দলের এই শোচনীয় পারফরম্যান্সের জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। নকভিকে ‘অজ্ঞ’ ও ‘অযোগ্য’ আখ্যা দিয়ে শোয়েব বলেন, “দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ হলো কোনো অযোগ্য ব্যক্তিকে বড় পদে বসানো। যিনি ব্যাট ধরতেই জানেন না, তিনি পিসিবি চেয়ারম্যান! এই অযোগ্যরাই আজ দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।” উল্লেখ্য, হারের আঁচ পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছাড়েন নকভি।
টিভি ভাঙল পাক ফ্যানেরা, বালোচে চলল উৎসব
ভারতের কাছে এটি পাকিস্তানের অষ্টম হার। হারের গ্লানি সইতে না পেরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাক সমর্থকদের টিভি ভাঙার একাধিক ভিডিও। এক হতাশ সমর্থক লিখেছেন, “বুমরাহ-হার্দিকদের সামলানো আমাদের সাধ্যের বাইরে, একই গল্পের বারবার রি-প্লে দেখতে আমরা ক্লান্ত।” অন্যদিকে ছবিটা একেবারে ভিন্ন বালুচিস্তানে। ভারতের জয়ে সেখানে রীতিমতো বাজি ফাটিয়ে উৎসবে মেতে ওঠেন স্থানীয়রা। আফগানিস্তানের ক্রিকেট প্রেমীরাও ভারতের এই জয়ে সোশ্যাল মিডিয়ায় খুশিতে ফেটে পড়েছেন।
অপরিবর্তিত ইতিহাস, অভিনন্দন অমিত শাহের
ভারতের এই বিশাল জয়ের পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “খুব ভালো খেলেছে টিম ইন্ডিয়া। ফরম্যাট, স্থান বা তারিখ বদলে যেতে পারে, কিন্তু ভারত-পাক লড়াইয়ের ফলাফল একই থাকবে।”
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে ৯ বারের সাক্ষাতে ৮ বারই শেষ হাসি হাসল ভারত। বাবর-শাহিনদের এমন ব্যর্থতায় এখন উত্তাল গোটা নেটপাড়া।