বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার! কিন্তু ভারতে কি মানতে হবে সূতক কাল?

NEWS DESK : ২০২৬ সালের মহাজাগতিক ক্যালেন্ডারে যোগ হতে চলেছে এক বিশেষ অধ্যায়। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ, যেখানে চাঁদের ছায়ায় সূর্যের প্রায় ৯৬ শতাংশ ঢাকা পড়ে যাবে। এর ফলে মহাকাশে সূর্যকে একটি উজ্জ্বল ব্রেসলেট বা ‘রিং অফ ফায়ার’-এর মতো দেখাবে। কুম্ভ রাশি ও ধনিষ্ঠা নক্ষত্রে ঘটা এই গ্রহণ ৪ ঘণ্টা ৩১ মিনিট স্থায়ী হবে।

ভারতীয় সময় অনুসারে, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টে ২৬ মিনিটে এই গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট পর্যন্ত। গ্রহণের সর্বোচ্চ পর্যায় পরিলক্ষিত হবে বিকেল ৫টা ১৩ থেকে সন্ধ্যা ৬টা ১১ মিনিটের মধ্যে। তবে আকাশপ্রেমীদের জন্য বিশেষ তথ্য হলো, এই বিরল দৃশ্য ভারত থেকে দেখা যাবে না। এটি মূলত দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ যেমন আর্জেন্টিনা, চিলি, নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে দৃশ্যমান হবে।

যেহেতু এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তাই ধর্মীয় শাস্ত্র মতে এর কোনো সূতক কাল এ দেশে কার্যকর হবে না। সাধারণত সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে সূতক সময় শুরু হয়, যা শুভ কাজের জন্য বর্জনীয়। তবে ভারতে দৃশ্যমান না হওয়ায় পূজা-পার্বণ বা দৈনন্দিন কাজে কোনো বিধিনিষেধ পালনের প্রয়োজনীয়তা নেই। তাসত্ত্বেও জ্যোতিষশাস্ত্রে গ্রহণের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনেকে এই সময়ে মন্ত্র জপ বা গ্রহণের পর স্নান ও দানধ্যান করাকে শুভ বলে মনে করেন।

পৌরাণিক কাহিনী অনুসারে, রাহু ও কেতুর সূর্য গ্রাস করার ফলেই এই গ্রহণ সংঘটিত হয়। বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা হলেও, জনমানসে এর প্রভাব অনস্বীকার্য। ২০২৬ সালে মোট চারটি গ্রহণ হবে, যার মধ্যে ফেব্রুয়ারির এই সূর্যগ্রহণের ঠিক এক মাস পরেই মার্চে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হওয়ার কথা রয়েছে। ১৭ ফেব্রুয়ারির এই বলয়গ্রাস গ্রহণটি দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে এক মায়াবী পরিবেশ তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *