শুরু হতেই রেকর্ড আবেদন! ‘যুবসাথী’ ভাতার জন্য যুবকদের এই হুড়োহুড়ির কারণ কী?

শুরু হতেই রেকর্ড আবেদন! ‘যুবসাথী’ ভাতার জন্য যুবকদের এই হুড়োহুড়ির কারণ কী?

NEWS DESK : রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’ ঘিরে প্রথম দিনেই দেখা গেল নজিরবিহীন উন্মাদনা। সরকারি সূত্রের দাবি, প্রকল্পের সূচনা লগ্নেই অফলাইন শিবিরে জমা পড়েছে প্রায় সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন। আবেদনকারীদের এই বিপুল চাপ সামাল দিতেই রবিবার রাত ১২টা থেকে পোর্টালে অনলাইন আবেদন প্রক্রিয়া সক্রিয় করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে ‘বাংলার যুবসাথী’ বিভাগে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের মোবাইল নম্বর যাচাইয়ের পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্র এবং ছবির মতো প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ওটিপি যাচাইয়ের মাধ্যমে শেষ হলে আবেদনপত্রের একটি প্রতিলিপি সংরক্ষণের পরামর্শ দিয়েছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে ৭৬৯টি শিবিরে আসা মোট সাড়ে ৬ লক্ষ মানুষের মধ্যে সিংহভাগই ছিলেন এই নতুন প্রকল্পের আবেদনকারী।

গত ৫ ফেব্রুয়ারি বাজেটে ঘোষিত এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী অন্তত মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে শর্তানুসারে, লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রীর মতো অন্য কোনও সামাজিক ভাতা প্রাপকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের আবেদন গ্রহণ চলবে। ১ এপ্রিল থেকেই প্রকল্পটি কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *