গর্ভাবস্থায় পেটে ঘুষি থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, প্রাক্তন বিধায়ক ভিক্টরের বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী

NEWS DESK : চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে পারিবারিক হিংসা ও ভয়াবহ শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। সোমবার সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, বিয়ের পর থেকেই তাঁর ওপর অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছে। এমনকি প্রথমবার অন্তঃসত্ত্বা থাকাকালীন ভিক্টর তাঁর পেটে ঘুষি মারেন বলে অভিযোগ, যার ফলে গর্ভপাত ঘটে। রাজনৈতিক কেরিয়ার ও ভোট ব্যাংক রক্ষার খাতিরে তাঁকে নাম পরিবর্তনের জন্যও চাপ দেওয়া হতো বলে জানান প্রিয়াঞ্জলি।
শারীরিক নির্যাতনের পাশাপাশি আর্থিক শোষণের অভিযোগও তুলেছেন প্রিয়াঞ্জলি নিয়োগী। তাঁর দাবি, তাঁর বোনের কাছ থেকে নগদ ও গয়না মিলিয়ে প্রায় ৫০-৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ভিক্টর। এই ঘটনায় ভিক্টরের মা-ও জড়িত ছিলেন বলে তাঁর অভিযোগ। গত জানুয়ারি মাসে তিনি পুলিশে অভিযোগ জানাতে চাইলেও শুরুতে কোনো সহযোগিতা পাননি বলে ক্ষোভ উগরে দিয়েছেন। বর্তমানে আলিপুর আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। প্রিয়াঞ্জলির আরও দাবি, সম্প্রতি সন্তানের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে পুনরায় মারধর করে জোরপূর্বক সম্পত্তি লিখিয়ে নেওয়া হয়েছে।
এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন আলী ইমরান রামজ। তাঁর পাল্টা প্রশ্ন, বিধানসভা নির্বাচনের ঠিক আগেই কেন এই ধরনের অভিযোগ আনা হচ্ছে? বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী জানিয়েছেন যে এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হলেও দলীয় উচ্চমহলে এই নিয়ে আলোচনা করা হবে এবং পুলিশ ঘটনার সত্যতা খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী ও রাহুল গান্ধীকেও বিষয়টি জানিয়েছেন প্রিয়াঞ্জলি।