বিসিসিআইতে চাকরির বিশাল সুযোগ! ৬০ বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন

মাঠে পাকিস্তানকে হারানোর রেশ কাটতে না কাটতেই সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এবার সরাসরি বোর্ডের হাই-প্রোফাইল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ‘পারফরম্যান্স অ্যানালিস্ট’ পদে এই নিয়োগ হবে, যেখানে নির্বাচিত প্রার্থী সরাসরি বিসিসিআই-এর ‘হেড অফ ক্রিকেট’-এর অধীনে কাজ করার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা
এই পদের জন্য প্রার্থীর বয়স ৬০ বছর পর্যন্ত হতে পারে। তবে থাকতে হবে অন্তত ৫ বছরের স্পোর্টস অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি, ইন্ডিয়া এ, অনূর্ধ্ব-১৯ বা রাজ্য দলের সঙ্গে যুক্ত থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়া মাইক্রোসফট অফিস এবং ডেটা অ্যানালিটিক্স টুল যেমন— ‘ট্যাবলু’ ও ‘পাওয়ার বিআই’-তে পারদর্শী হওয়া আবশ্যিক।
কাজের ধরন
নির্বাচিত কর্মীকে ক্রিকেটারদের ফিটনেস, ইনজুরি রিপোর্ট, ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের সমস্ত ডেটা বিশ্লেষণ করতে হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই তৈরি হবে ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ব্লু-প্রিন্ট।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে বিসিসিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীকে বেঙ্গালুরুতে থেকে কাজ করতে হবে। এর পাশাপাশি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের শূন্যপদ নিয়েও তৎপরতা শুরু করেছে বোর্ড।