ভারতের কাছে হারতেই পিসিবি কর্তার পর্দাফাঁস করলেন শোয়েব আখতার

ভারতের কাছে ৬১ রানে লজ্জাজনক হারের পর পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ শুরু হয়েছে। কলম্বোর মাঠে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই সলমান আলি আঘা ব্রিগেডের শোচনীয় ব্যর্থতায় ফেটে পড়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। কেবল ক্রিকেটাররা নন, শোয়েবের নিশানায় এবার সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি।
অযোগ্যদের হাতে বোর্ড, তোপ শোয়েবের
ম্যাচ চলাকালীন স্টেডিয়াম ছেড়ে নকভির চলে যাওয়ার ভিডিও ভাইরাল হতেই ঘি পড়েছে আগুনে। শোয়েব আখতারের অভিযোগ, ক্রিকেট বুঝলে এমন দশা হতো না। তিনি সরাসরি বলেন, “অযোগ্য ব্যক্তিদের চেয়ারে বসালে দলের এই ক্ষতিই হয়।” নকভির নির্বাচন প্রক্রিয়া এবং ম্যাচ শুরুর আগের ‘নাটক’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বাবর-শাহিনদের বসিয়ে দেওয়ার দাবি
সিনিয়র ক্রিকেটারদের ‘স্টার কালচার’ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শোয়েব। তাঁর মতে, বড় ম্যাচে বাবর আজম বা শাহিন আফ্রিদিদের মতো তারকারা চূড়ান্ত ব্যর্থ। একই সুরে সুর মিলিয়েছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও। জামাতা শাহিনকেও রেয়াত করেননি তিনি। আফ্রিদির সাফ কথা, “রোজ রোজ ব্যর্থ হওয়া ক্রিকেটারদের এবার বসিয়ে নতুনদের সুযোগ দেওয়ার সময় এসেছে।”
যোগ্যতা নয়, বরং অন্য সমীকরণে দল গঠন করা হচ্ছে বলে যে বিস্ফোরক দাবি শোয়েব তুলেছেন, তাতে উত্তাল পাক ক্রিকেট মহল। বিশ্বকাপে ভারতের কাছে এই হার কেবল মাঠের লড়াই নয়, পাক বোর্ডের অন্দরমহলের কঙ্কালসার চেহারাটাও সামনে এনে দিল।