প্রেমিকের বাড়িতেই স্বামীর রহস্যমৃত্যু, পরকীয়ার জেরে বর্ধমানে হাড়হিম করা হত্যাকাণ্ড

প্রেমিকের বাড়িতেই স্বামীর রহস্যমৃত্যু, পরকীয়ার জেরে বর্ধমানে হাড়হিম করা হত্যাকাণ্ড

NEWS DESK : পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি এলাকায় পরকীয়া সম্পর্কের পথে কাঁটা সরাতে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী ও তাঁর প্রেমিক। মৃত যুবকের নাম সফিকুল ইসলাম আনসারি ওরফে আরিফ। তিনি ভিন রাজ্যে সোনার কারিগরের কাজ করতেন। অভিযোগ, রবিবার রাতে স্ত্রী রাজিয়া সুলতানা ও তাঁর প্রেমিক মমতাজউদ্দিন ওরফে উজ্জ্বল শেখ পরিকল্পনা করে সফিকুলকে পিটিয়ে খুন করে ক্যানেলে ফেলে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে বাড়ি ফিরেছিলেন সফিকুল। রবিবার স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে তিনি মমতাজউদ্দিনের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ মমতাজউদ্দিন তাঁকে বাইকে করে বাইরে নিয়ে যান এবং তারপর থেকেই সফিকুল নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয় একটি সেচ ক্যানেল থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান, কোনও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে।

ঘটনার পর পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত মমতাজউদ্দিন। তিনি দাবি করেছিলেন, সফিকুলকে বাইক থেকে কয়েকজন লোক নামিয়ে নিয়ে গিয়েছে। তবে জেরার মুখে রাজিয়া ও মমতাজউদ্দিনের কথায় অসঙ্গতি পাওয়ায় তাঁদের আটক করা হয়। পরে পুলিশের দীর্ঘ জেরায় দুজনেই খুনের কথা স্বীকার করেছেন। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *