ভারতের কাছে হারতেই বিস্ফোরণ! নকভিকে কেন ‘বিশ্বের সবচেয়ে বড় অপরাধ’ বললেন শোয়েব?

ভারতের কাছে হারতেই বিস্ফোরণ! নকভিকে কেন ‘বিশ্বের সবচেয়ে বড় অপরাধ’ বললেন শোয়েব?

NEWS DESK : ভারতের কাছে হারতেই পাকিস্তান ক্রিকেটমহলে শুরু হয়েছে তীব্র ডামাডোল। ক্রিকেটারদের পাশাপাশি এবার পিসিবি প্রধান মহসিন নকভিকে সরাসরি তোপ দাগলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মতে, ক্রিকেট সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই এমন একজনকে বোর্ডের শীর্ষ পদে বসানোই বর্তমানে পাক ক্রিকেটের ‘সবচেয়ে বড় অপরাধ’। নকভিকে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করে শোয়েব প্রশ্ন তুলেছেন, যার নূন্যতম ধারণা নেই তিনি কীভাবে একটি আন্তর্জাতিক দল পরিচালনা করবেন।

পাক ক্রিকেটের অন্দরে অভিযোগ উঠছে যে, নকভি প্রশাসক হিসেবে নয় বরং রাজনৈতিক নেতার মতো বোর্ড চালাচ্ছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তিনি খেলার চেয়ে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও ভারত বিরোধিতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক এবং পরবর্তীতে সিদ্ধান্ত বদলের মতো ঘটনায় নকভির ওপর ক্ষোভ বাড়ছিলই, যা বিশ্বকাপে পরাজয়ের পর কার্যত আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে।

শোয়েব আখতার কেবল বোর্ড প্রধানকে নয়, একহাত নিয়েছেন বাবর আজম ও শাহিন আফ্রিদিদেরও। তার মতে, বাবর আজমকে জোর করে ‘সুপারস্টার’ বানানো হয়েছে যিনি দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন না। শাহিন আফ্রিদির বোলিং গতি নিয়ে প্রশ্ন তুলে শোয়েব বলেন, ১২৫ কিমি বেগে বল করে আধুনিক ক্রিকেটে টিকে থাকা আসাম্ভব। ক্রিকেটাররা চাপের মুখে নতিস্বীকার করায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

সাবেক এই গতির তারকার মতে, গত ১৫-২০ বছরে পাকিস্তানের ক্রিকেটে সঠিক কোনো বিনিয়োগ হয়নি। একসময় ভারত-পাকিস্তান লড়াই সমানে সমানে হলেও, বর্তমান পরিস্থিতির নিরিখে পাকিস্তান ভারতকে হারানোর স্বপ্নও দেখতে পারে না বলে মন্তব্য করেন তিনি। অযোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া এবং ক্রিকেটারদের ব্যর্থতা—সব মিলিয়ে পাক ক্রিকেট এখন খাদের কিনারে দাঁড়িয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *