ভোটের মুখে ধুন্ধুমার বিকাশ ভবন অভিযানে ফের থালা হাতে সরব টেট চাকরিপ্রার্থীরা

ভোটের মুখে ধুন্ধুমার বিকাশ ভবন অভিযানে ফের থালা হাতে সরব টেট চাকরিপ্রার্থীরা

NEWS DESK : রাজ্যে ভোট আবহাওয়ার মধ্যেই নিয়োগের দাবিতে নতুন করে উত্তাল হয়ে উঠল সল্টলেকের করুণাময়ী এলাকা। সোমবার ২০১৪ এবং ২০১৭ সালের এনআইওএস ডি.এল.এড (NIOS D. El. Ed) প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিকাশ ভবন অভিযানের ডাক দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মিছিল শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা, যা ঘিরে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাঁদের নিয়োগের বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে এদিন সরব হন তাঁরা। পুলিশের ব্যারিকেডে মিছিল থমকে গেলে রাস্তাতেই থালা বাজিয়ে অভিনব প্রতিবাদে শামিল হন আন্দোলনকারীরা। তাঁদের স্পষ্ট দাবি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং বিকাশ ভবনে পৌঁছাতে না দেওয়া পর্যন্ত এই অবস্থান চলবে।

এদিনের এই নজিরবিহীন বিক্ষোভকে কেন্দ্র করে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। করুণাময়ী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সংলগ্ন এলাকা কার্যত পুলিশি দুর্গে পরিণত হয়। এই বিশাল মিছিল ও পুলিশের ধরপাকড়ের জেরে সল্টলেকের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হওয়ায় সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ নিত্যযাত্রীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *