ব্যাট হাতে ঝড় তোলার পর এবার ঠান্ডা মাথায় পাক বধের রণকৌশল সূর্যের

ব্যাট হাতে ঝড় তোলার পর এবার ঠান্ডা মাথায় পাক বধের রণকৌশল সূর্যের

NEWS DESK : টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচে কেবল ব্যাটে-বলেই নয়, অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিণত মানসিকতাও ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। কলম্বোর মন্থর উইকেটে ১৭৫ রান ডিফেন্ড করতে নামার আগে সতীর্থদের বিশেষ সতর্কবার্তা দিয়েছিলেন ভারত অধিনায়ক। বিসিসিআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টিম হাডলে সূর্য সতীর্থদের সাফ জানিয়ে দেন যে, প্রতিপক্ষকে কোনোভাবেই স্লেজিং বা উস্কানিমূলক কথা বলা যাবে না।

মাঠে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ মানেই চরম উত্তেজনা, কিন্তু সূর্যকুমার চেয়েছিলেন স্লেজিং নয় বরং নিজেদের ক্রিকেটীয় দক্ষতা বা স্কিল দিয়েই ম্যাচ জিততে। এশিয়া কাপে হ্যারিস রউফ ও অভিষেক শর্মার বাকযুদ্ধ থেকে শুরু করে পাক অধিনায়কের সঙ্গে করমর্দন বিতর্ক—সব মিলিয়ে মাঠের বাইরের পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত ছিল। এই আবহে ভারত অধিনায়ক বাড়তি কোনো বিতর্কে জড়িয়ে দলের সাফল্যের ফোকাস নষ্ট করতে চাননি। তিনি ক্রিকেটারদের নির্দেশ দিয়েছিলেন ওভারের মাঝে দ্রুত দৌড়াতে এবং খেলায় মনোনিবেশ করতে।

অধিনায়কের এই কৌশলে কাজও হয়েছে হাতেনাতে। ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে জয়ের পথ প্রশস্ত করেন। স্লেজিংয়ের বদলে আগ্রাসী বোলিং আর নিখুঁত ফিল্ডিং দিয়েই বাবর আজমদের কার্যত কোণঠাসা করে দেয় টিম ইন্ডিয়া। মাঠের উত্তেজনা সামলে শান্ত মাথায় ম্যাচ বের করে নেওয়ার এই নতুন ঘরানা সূর্যের অধিনায়কত্বে এক অনন্য মাত্রা যোগ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *