ভয়াবহ তুষারধস: লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন, আশঙ্কাজনক অবস্থায় বহু যাত্রী

NEWS DESK : সুইজারল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর নেমে এল পাহাড়প্রমাণ তুষারস্তূপ। সোমবার দক্ষিণ সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা সংলগ্ন স্টকগারবেন এলাকায় এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে লাইনচ্যুত হয়েছে একটি যাত্রিবাহী ট্রেন। পাহাড়ের ওপর থেকে আচমকা নেমে আসা বিশাল তুষারধসের কবলে পড়ে ট্রেনের কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে যায়, যার ফলে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ৮০ জন যাত্রী সওয়ার ছিলেন। তুষারধসের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। স্থানীয় সংবাদ সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তুষারের ধাক্কায় ট্রেনের কামরাগুলি দুমড়ে-মুচড়ে যাওয়ায় উদ্ধারকাজেও বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।
বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সুইস উদ্ধারকারী বাহিনী ও চিকিৎসকদের বিশেষ দল। রক্তাক্ত ও গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আল্পস পার্বত্য অঞ্চলে তুষারধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। গত কয়েকদিনের আবহাওয়া পরিবর্তনের জেরেই এই ধস নেমেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।