কারামুক্তি পাচ্ছেন রাজপাল যাদব, মানতে হবে আদালতের কঠিন শর্ত

কারামুক্তি পাচ্ছেন রাজপাল যাদব, মানতে হবে আদালতের কঠিন শর্ত

NEWS DESK : অবশেষে জেলের অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখছেন বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব। চেক বাউন্স মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর দিল্লি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেতা। তবে এই মুক্তি সহজলভ্য হয়নি; বিচারক স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ অভিনেতাকে বেলা তিনটের মধ্যে দেড় কোটি টাকা জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। বকেয়া মেটানোর প্রাথমিক শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১৮ মার্চ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।

বিগত কয়েক দিন ধরে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন ‘ছোটে পণ্ডিত’। ৫ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ৯ কোটির চেক বাউন্স মামলা গড়ায় আদালত পর্যন্ত। এর আগে গত বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত। সেই সময় বিচারক অভিনেতাকে তীব্র ভর্ৎসনা করে জানান, বকেয়া মেটানোর জন্য এর আগে একাধিক সুযোগ দেওয়া হলেও তিনি তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। অবশেষে পারিবারিক অনুষ্ঠানের দোহাই দিয়ে জামিন পেলেন তিনি।

২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামক এক সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল। বক্স অফিসে ছবিটির ভরাডুবির পর থেকেই ঋণের জালে জড়িয়ে পড়েন অভিনেতা। আদালতের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করতে হয়েছিল তাঁকে। তবে এবার বড় অঙ্কের টাকা জমা দেওয়ার শর্তে সাময়িক স্বস্তি মেলায় খুশি অভিনেতার পরিবার ও অনুরাগীরা। আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *