মায়াপুরে অমিত শাহের হাইভোল্টেজ সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

NEWS DESK :
বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার নদিয়া জেলার মায়াপুরে ইসকন মন্দিরের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যদিও বিজেপি এই সফরকে সম্পূর্ণ আধ্যাত্মিক ও ধর্মীয় বলে দাবি করছে, তবে ভোটের মুখে সাধু-সন্তদের সঙ্গে শাহের এই রুদ্ধদ্বার বৈঠক রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে মায়াপুরের মতো ধর্মীয় কেন্দ্র থেকে শাহ কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার দুপুরে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে চড়ে সরাসরি পৌঁছাবেন মায়াপুরে। দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকেল ৪টে ২৫ মিনিট পর্যন্ত তিনি ইসকনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রীিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি মন্দিরে বিশেষ আরতিতেও অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে মায়াপুর চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে নদিয়া জেলা পুলিশ।
সরকারিভাবে কোনো জনসভা না থাকলেও, শাহের এই সফর অত্যন্ত কৌশলগত বলে মনে করা হচ্ছে। গত সফরে তিনি অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। এবার ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক সংযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করতে পারেন তিনি। একই সপ্তাহে বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বও ময়দানে নামছেন। ২২ ফেব্রুয়ারি কলকাতায় মহিলা নিরাপত্তা নিয়ে সরব হবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিরও রাজ্যে আসার কথা রয়েছে। সব মিলিয়ে শাহের এই মায়াপুর সফর বাংলার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে চলেছে।