মরণবাঁচন ম্যাচের আগে বড় ধাক্কা, অজি শিবিরে ছিটকে গেলেন হ্যাজেলউড স্থলাভিষিক্ত স্মিথ

মরণবাঁচন ম্যাচের আগে বড় ধাক্কা, অজি শিবিরে ছিটকে গেলেন হ্যাজেলউড স্থলাভিষিক্ত স্মিথ

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে অভাবনীয় হারের পর এবার বড়সড় বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণবাঁচন লড়াইয়ের ঠিক আগেই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার জশ হ্যাজেলউড। গোড়ালি এবং কাফ স্ট্রেইন ইনজুরির কবলে পড়ায় এই অভিজ্ঞ বোলারের সার্ভিস আর পাচ্ছে না অজি বাহিনী। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পাওয়ার পর হ্যাজেলউডের পরিবর্তে সরকারিভাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে।

দীর্ঘ চার বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফিরলেন স্মিথ। এর আগে ২০২২ সালে তিনি শেষবার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে খেলেছিলেন। ২০২৪ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁকে দেখা না গেলেও, ঘরোয়া বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ৬ ম্যাচে ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন এই বর্ষীয়ান ক্রিকেটার। মিচেল মার্শের ব্যাক-আপ হিসেবে আগে থেকেই শ্রীলঙ্কায় উপস্থিত থাকায় তাঁর দলে যোগ দিতে কোনো সমস্যা হয়নি।

অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর হলো, নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। প্রথম দুই ম্যাচে তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ট্রাভিস হেড। তবে সুপার এইটের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন, দলের ভারসাম্য রক্ষা করতেই স্মিথকে সুযোগ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, বাঁচা-মরার এই লড়াইয়ে স্মিথের অভিজ্ঞতা অস্ট্রেলিয়াকে কতটা স্বস্তি দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *