বিজেপি যোগের জল্পনা উসকে শেষ মুহূর্তে ভোলবদল আসামের হেভিওয়েট নেতার

বিজেপি যোগের জল্পনা উসকে শেষ মুহূর্তে ভোলবদল অসমের হেভিওয়েট নেতার

NEWS DESK : আসামের রাজনৈতিক মহলে সোমবার দিনভর চলল তীব্র নাটকীয়তা। সকালে নাটকীয়ভাবে ইস্তফা দিয়ে বিকেলের মধ্যেই তা প্রত্যাহার করে নিলেন আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরা। ইমেল মারফত পদত্যাগপত্র পাঠানোর পরই তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যখন ইঙ্গিত দেন যে তিনি নিজেই ভূপেন বোরার বাড়ি যাবেন, তখন সেই সম্ভাবনা আরও জোরালো হয়। হিমন্তের মতে, ভূপেন ছিলেন আসাম কংগ্রেসে হিন্দু নেতৃত্বের শেষ স্তম্ভ।

নির্বাচনের মুখে এই পরিস্থিতি আঁচ করেই তড়িঘড়ি আসরে নামে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। গৌরব গগৈ এবং ভাঁওয়ার জিতেন্দ্র সিংয়ের মতো নেতারা সরাসরি ভূপেন বোরার বাসভবনে গিয়ে দীর্ঘ বৈঠক করেন। মূলত দলের প্রবীণ ও গুরুত্বপূর্ণ এই নেতাকে ধরে রাখতেই কংগ্রেস হাইকমান্ড মরিয়া হয়ে ওঠে। পর্যবেক্ষকদের মতে, গৌরব গগৈয়ের ওপর বিজেপির ক্রমবর্ধমান আক্রমণের মাঝে ভূপেনের মতো নেতার প্রস্থান দলের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারত। সেই বিপর্যয় এড়াতেই শেষমেশ তাঁকে সিদ্ধান্ত বদলাতে রাজি করানো হয়।

দীর্ঘ চার বছর প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব সামলানো ভূপেন বোরার সঙ্গে দলের সাম্প্রতিক দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে। অনেকের মতে, শীর্ষ নেতৃত্বের পছন্দের তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছিলেন তিনি, যার ফলে তাঁর গুরুত্ব কমছিল। যদিও বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস তাঁকে হারাতে চায়নি, তবুও এই ‘ইস্তফা নাটক’ দলের অন্দরে ফাটলকেই স্পষ্ট করে দিয়েছে। শেষ পর্যন্ত পদত্যাগ প্রত্যাহার করলেও, ভোটমুখী আসামে কংগ্রেসের এই অস্থিরতা রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *