পরাজয়ের চেয়েও মেরুদণ্ড সোজা রাখা বেশি জরুরি, প্রতীক উরকে নিয়ে বিস্ফোরক উষসী

পরাজয়ের চেয়েও মেরুদণ্ড সোজা রাখা বেশি জরুরি, প্রতীক উরকে নিয়ে বিস্ফোরক উষসী

NEWS DESK : টলিউড থেকে রাজনীতি সব মহলেই এখন জোর চর্চায় বাম শিবিরের তরুণ তুর্কি প্রতীক উর রহমান। সম্প্রতি দলের সমস্ত পদ ও সদস্যপদ ছাড়তে চেয়ে আলিমুদ্দিনে চিঠি পাঠিয়েছেন তিনি। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের এই নেতার আচমকা দলত্যাগের সিদ্ধান্ত বঙ্গ রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এই আবহেই নাম না করে প্রতীকের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী উষসী চক্রবর্তী।

প্রয়াত সিটু নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা উষসী তাঁর পোস্টে আদর্শ ও নৈতিকতার প্রশ্ন তুলেছেন। মাও সে তুং থেকে শুরু করে নেপালদেব ভট্টাচার্যের উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, দল থেকে বহিষ্কৃত হয়েও অনেকে আদর্শচ্যুত হননি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্ণকুন্তী সংবাদ’-এর পঙক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন, জয় বা পরাজয়ের চেয়েও মেরুদণ্ড সোজা রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর এই পোস্টের ছত্রে ছত্রে দলত্যাগী নেতার প্রতি একরাশ হতাশা ও সমালোচনার সুর স্পষ্ট ধরা পড়েছে।

প্রতীক উর রহমান, সৃজন ভট্টাচার্য বা দীপ্সিতা ধরদের মতো তরুণ মুখগুলোকেই বর্তমান সিপিএমের ‘অ্যাসেট’ বা সম্পদ বলে মনে করে রাজনৈতিক মহল। প্রতিকূল পরিস্থিতিতেও মাঠ-ময়দানে লড়াই চালিয়ে যাওয়া প্রতীকের এই সিদ্ধান্তে দলের অন্দরেও অস্বস্তি বেড়েছে। উষশীর মতে, সংসদীয় রাজনীতিতে জয়-পরাজয় বড় কথা নয়, বরং কঠিন সময়ে আদর্শ আঁকড়ে থাকাই আসল বীরত্ব। প্রতীকের অন্য দলে যোগদানের জল্পনা যখন তুঙ্গে, তখন উষশীর এই ‘মেরুদণ্ড’ বিষয়ক বার্তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *