বিশ্ববাজারে ভারতের জয়জয়কার! জানুয়ারিতে রপ্তানিতে বড় লাফ দিয়ে নজির গড়ল দেশ

নয়াদিল্লি
বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেও ভারতীয় পণ্যের চাহিদায় বড়সড় সাফল্যের ছবি ধরা পড়ল। চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের পণ্য রপ্তানি ০.৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সোমবার কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এই পরিসংখ্যান প্রকাশ করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় রপ্তানি বাড়লেও আমদানির ক্ষেত্রেও বড় উল্লম্ফন দেখা দিয়েছে। জানুয়ারিতে আমদানির পরিমাণ ১৯.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১.২৪ বিলিয়ন ডলারে, যা গত বছর একই সময়ে ছিল ৫৯.৭৭ বিলিয়ন ডলার। আমদানির এই ব্যাপক বৃদ্ধির ফলে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৬৮ বিলিয়ন ডলারে। প্রসঙ্গত, আমদানি ও রপ্তানির মূল্যের পার্থক্যকেই বাণিজ্য ঘাটতি হিসেবে ধরা হয়।
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল আশাপ্রকাশ করে জানিয়েছেন যে, পণ্য এবং পরিষেবা উভয় ক্ষেত্রেই ভারতের রপ্তানি ইতিবাচক মোড় নিয়েছে। তাঁর ধারণা, চলতি অর্থবছর শেষে পণ্য ও পরিষেবার মোট রপ্তানি ৮৬০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) ভারতের পণ্য রপ্তানি ২.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬৬.৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।