বিজয় রশ্মিকার রাজকীয় বিয়ের আসর বসছে উদয়পুরে, ফাঁস হলো আমন্ত্রণপত্র

NEWS DESK : দক্ষিণী সিনেমার হার্টথ্রব জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। দীর্ঘ আট বছরের গোপন প্রেম কাটিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় সমারোহে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা যুগল। সম্প্রতি তাঁদের বিয়ের ও রিসেপশনের আমন্ত্রণপত্রটি সমাজমাধ্যমে ফাঁস হতেই টিনসেল টাউনে শোরগোল পড়ে গিয়েছে।
বিয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সকালেই মুম্বই বিমানবন্দরে একই রঙের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন বিজয় ও রশ্মিকা। জানা গিয়েছে, উদয়পুরের একটি হেরিটেজ রাজপ্রাসাদে আয়োজিত হতে যাওয়া এই বিয়ের আসর কোনো পিরিয়ড ড্রামার শুটিং সেটের থেকে কম নয়। লাল ভেলভেট, রকমারি ফুল আর রাজকীয় সাজসজ্জায় সেজে উঠছে বিয়ের মণ্ডপ। আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়েছে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের।
ঘনিষ্ঠবৃত্তে বিয়ে সারলেও রিসেপশন হতে চলেছে অত্যন্ত জমকালো। ফাঁস হওয়া কার্ড অনুযায়ী, আগামী ৪ মার্চ হায়দরাবাদে বসবে তারকাখচিত রিসেপশনের আসর। সেখানে অল্লু অর্জুন, রামচরণ, প্রভাসদের পাশাপাশি বলিউডের খান ও কাপুর পরিবারের সদস্যদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। গত বছর গোপনে বাগদান সারার পর এবার দুই তারকার চার হাত এক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।