বাংলার ভোটে তৃণমূলকে সাহায্য করবে ওপারের জামাত, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জামাত-ই-ইসলামীর বিপুল জয় নিয়ে এবার রাজ্যে চাঞ্চল্যকর দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, প্রতিবেশী রাষ্ট্রের এই নির্বাচনী ফলাফলের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে। শুভেন্দু অধিকারীর মতে, ওপারের এই রাজনৈতিক সমীকরণ রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক।
বিরোধী দলনেতা সরাসরি অভিযোগ করে বলেন, “ওপারের জামাতদের জিতিয়েছে এপারের জামাত-২ অর্থাৎ তৃণমূল কংগ্রেস।” তিনি আরও দাবি করেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাদেশের ‘জামাত-১’ গোষ্ঠী এপারের শাসকদলকে জয়ী করতে সক্রিয়ভাবে সাহায্য করবে। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমতেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এবং শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারী আরও হুঁশিয়ারি দিয়ে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফলের ওপরেই ভারতের জাতীয় সুরক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত স্পর্শকাতর বলে বর্ণনা করেছেন। সীমান্ত সংলগ্ন রাজনীতির এই নতুন সমীকরণ বাংলার ভোটের লড়াইকে ভিন্ন মাত্রা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান। তাঁর দাবি অনুযায়ী, সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব জাতীয় সংহতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য এখনও এই মন্তব্যের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে নির্বাচনের আগে শুভেন্দুর এই তোপ রাজ্যের রাজনৈতিক পারদকে আরও বাড়িয়ে দিল।