দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট দিল সিবিএসই

দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট দিল সিবিএসই

আসন্ন শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বড়সড় বদল আনতে চলেছে সিবিএসই বোর্ড। ২০২৬ সাল থেকে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, প্রথম দফার পরীক্ষায় বসা বাধ্যতামূলক বলে সাফ জানিয়ে দিল বোর্ড কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংযম ভরদ্বাজ জানিয়েছেন, কোনো পড়ুয়া যদি প্রথম দফার বোর্ড পরীক্ষায় অন্তত তিনটি বিষয়ে উপস্থিত না থাকে, তবে তাকে দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না।

বোর্ডের নিয়ম অনুযায়ী, যারা প্রথম দফার পরীক্ষায় বসবে না তাদের ‘এসেনশিয়াল রিপিট’ বা ‘অনিবার্য পুনরাবৃত্তি’ বিভাগে রাখা হবে। এর ফলে সংশ্লিষ্ট পড়ুয়ারা সেই বছর আর পরীক্ষা দিতে পারবে না এবং তাদের পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসের মূল পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। তবে যারা প্রথম পরীক্ষায় পাশ করবে, তারা নিজেদের ফলাফল আরও ভালো করার জন্য বিজ্ঞান, গণিত বা সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলোতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, প্রথম পরীক্ষায় যারা ‘কম্পার্টমেন্ট’ পাবে, কেবল তারাই দ্বিতীয় দফায় সেই পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এবারের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ভারত ও বিদেশ মিলিয়ে প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নতুন জাতীয় শিক্ষানীতি (NEP) মেনেই কোচিং নির্ভরতা কমাতে এবং পড়ুয়াদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে বছরে দু’বার পরীক্ষা নেওয়ার এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে সিবিএসই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *