মানিকচকে মাদক ও জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, এএসআই সহ আহত ৩

মানিকচকে মাদক ও জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, এএসআই সহ আহত ৩

মালদহের মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের ফকিরটোলা এলাকায় মাদক ও জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে দুষ্কৃতী হামলার মুখে পড়ল পুলিশ। সোমবার দুপুরে এই অতর্কিত হামলায় গুরুতর জখম হয়েছেন মানিকচক থানার এএসআই পীযূষ মন্ডল (৪০) এবং দুই সিভিক ভলেন্টিয়ার। আহতদের উদ্ধার করে দ্রুত মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আহত সিভিক ভলেন্টিয়ারদের পরিচয় গোপন রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরটোলার আমবাগানগুলিতে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার ও জুয়ার রমরমা কারবার চলছিল। গ্রামবাসীদের পক্ষ থেকে বারবার অভিযোগ পাওয়ার পর এদিন দুপুরে এএসআই পীযূষ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখা মাত্রই মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দুষ্কৃতীদের মারে পুলিশ কর্মীরা রক্তাক্ত হন।

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চিরুনি তল্লাশি শুরু করে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হামলাকারীদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান জারি রয়েছে।

এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, এই বাগানগুলি মাদকের মুক্তাঞ্চলে পরিণত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে গ্রামবাসীরা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *