ফেব্রুয়ারির শেষেই চড়ছে পারদ, শীত বিদায় নিয়ে বঙ্গে বসন্তের দাপট শুরু

দক্ষিণবঙ্গজুড়ে শীতের আমেজ প্রায় শেষ পর্যায়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় এখনই বড় কোনো পরিবর্তন না হলেও, দিনের বেলায় শীতের অনুভূতি কার্যত উধাও হতে শুরু করেছে। ফেব্রুয়ারির শেষলগ্নে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্য়েই দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে উষ্ণ দক্ষিণা বাতাসের প্রভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ আরও বাড়বে। এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই; বরং কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। উপকূলীয় জেলাগুলোর তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোরের দিকে সামান্য ঠান্ডার রেশ থাকলেও সামগ্রিকভাবে রাজ্য থেকে শীত বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কিছুটা কম থাকতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রাতের তাপমাত্রা ৯ ডিগ্রি এবং মালদহ-সহ সমতলের জেলাগুলিতে ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। সব মিলিয়ে, রাজ্যজুড়ে এখন বসন্তের আগমনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি।