ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ: ফ্রেজারগঞ্জে ট্রলারসহ আটক ২৮ বাংলাদেশি মৎস্যজীবী, উদ্ধার দ্বৈত পরিচয়পত্র

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ: ফ্রেজারগঞ্জে ট্রলারসহ আটক ২৮ বাংলাদেশি মৎস্যজীবী, উদ্ধার দ্বৈত পরিচয়পত্র

ভারতীয় জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে একটি ট্রলারসহ ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার গভীর রাতে ‘এফবি সাগর’ নামের ওই ট্রলারটিকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। সোমবার সকালে ধৃতদের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আটককৃত মৎস্যজীবীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তবে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ট্রলারের অন্যতম আরোহী রবীন্দ্রনাথ দাসের কাছ থেকে ভারত ও বাংলাদেশ—উভয় দেশের পরিচয়পত্র উদ্ধার হওয়ায়। ওই মৎস্যজীবী নিজেও বিষয়টি স্বীকার করেছেন। একই সাথে দুই দেশের বৈধ নথি তার কাছে কীভাবে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পুলিশি জেরায় অন্য মৎস্যজীবীরা জানিয়েছেন, একটি চুক্তির ভিত্তিতে রবীন্দ্রনাথকে ভারতীয় ট্রলারে তুলে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল। তিনি আগে ভারতে থাকতেন কি না বা নির্বাচনের মুখে কোনো বিশেষ উদ্দেশ্যে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। বর্তমানে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং পুরো ঘটনার নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *