মাতৃত্বকালীন ফটোশুটের মাঝেই মর্মান্তিক পরিণতি, বেঙ্গালুরুতে কৃত্রিম পুকুরে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুর

মাতৃত্বকালীন ফটোশুটের মাঝেই মর্মান্তিক পরিণতি, বেঙ্গালুরুতে কৃত্রিম পুকুরে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুর

বেঙ্গালুরুতে এক আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই বিষাদে পরিণত হলো। জেপি নগরের বাসিন্দা স্বাতী যখন তার দ্বিতীয় সন্তানের আগমনের প্রাক্কালে গিন্ডেনহাল্লির ‘দ্য শায়ার স্টুডিও’-তে মাতৃত্বকালীন ফটোশুটে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই অলক্ষ্যে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। তার তিন বছরের শিশুপুত্র লক্ষ্মীর খেলার ছলে স্টুডিওর ভেতরেই তৈরি করা একটি কৃত্রিম পুকুরে পড়ে যায়।

ঘটনার বিবরণ

সফটওয়্যার ইঞ্জিনিয়ার চরণ রাজের স্ত্রী স্বাতী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। শনিবার দুপুর আড়াইটা নাগাদ যখন তার ফটোশুট চলছিল, তখন শিশুটি পাশেই খেলছিল। প্রায় ১৫-২০ মিনিট পর টনক নড়লে দেখা যায় শিশুটি নিখোঁজ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দুই ফুট গভীর ওই কৃত্রিম জলাশয় থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, জলাশয়ের নিচের কাদায় পা আটকে যাওয়ায় শিশুটি আর উঠে আসতে পারেনি।

পরিবারে শোকের ছায়া

দুর্ঘটনার সময় শিশুটির বাবা কর্মসূত্রে আমেরিকায় ছিলেন। খবর পেয়েই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্তমানে স্বাতী দেবী গভীর শক এবং ট্রমার মধ্যে রয়েছেন। এই ঘটনায় অবহেলার অভিযোগ তুলে মাদনায়াকানাহাল্লি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন শিশুটির দাদু। বেসরকারি ফটো স্টুডিওগুলোতে জলাশয় বা কৃত্রিম পুকুর ব্যবহারের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমদেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *