বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার: চার ঘণ্টা স্থায়ী এই ‘অগ্নিবলয়’ কি ভারত থেকে দেখা যাবে?

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার সংঘটিত হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী, এদিন দুপুর ৩টে ২৬ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। প্রায় ৪ ঘণ্টা ৩১ মিনিট স্থায়ী এই মহাজাগতিক দৃশ্যের সর্বোচ্চ পর্যায় বা পূর্ণগ্রাস দেখা যাবে বিকেল ৫টা ৪২ মিনিটে। তবে ভারতীয় মহাকাশপ্রেমীদের জন্য কিছুটা নিরাশার খবর হলো, এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। গ্রহণের সময় ভারতে সূর্য দিগন্তরেখার নিচে অবস্থান করায় এবং দ্রুত সূর্যাস্ত হয়ে যাওয়ায় এদেশ থেকে এই দৃশ্য উপভোগ করা সম্ভব হবে না।
বিজ্ঞানের ভাষায়, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে চলে আসে যে সূর্যের কেন্দ্রস্থল ঢেকে যায় এবং শুধুমাত্র বাইরের অংশটি একটি উজ্জ্বল আংটির মতো দেখায়, তখন তাকে ‘বলয়গ্রাস’ বা ‘রিং অফ ফায়ার’ বলা হয়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশেষ মুহূর্তে চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে অবস্থান করায় তা সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে মহাকাশে একটি আগুনের বলয় তৈরি হয়, যা ২ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী হবে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রহণ দেখা গেলেও সবচেয়ে পরিষ্কার দৃশ্য উপভোগ করা যাবে আন্টার্কটিকার কনকর্ডিয়া ও মিরনির গবেষণাকেন্দ্র থেকে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, জিম্বাবোয়ে ও জাম্বিয়ার বাসিন্দারা আংশিক গ্রহণ দেখতে পাবেন। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলির কিছু অংশ থেকেও এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই বিরল দৃশ্যকে ঘিরে বিশ্বজুড়ে বিজ্ঞানী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।