বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, হেজেলউডের পরিবর্তে দলে ফিরলেন স্টিভ স্মিথ

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, হেজেলউডের পরিবর্তে দলে ফিরলেন স্টিভ স্মিথ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে উঠতে না পারায় আসর থেকে ছিটকে গেলেন তারকা পেসার জশ হেজেলউড। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর বিকল্প হিসেবে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি ইতিমধেই এই পরিবর্তনের অনুমতি প্রদান করেছে।

দীর্ঘ দুই বছর পর দেশের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটল প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও বিশ্বকাপের মূল স্কোয়াডে তাঁর জায়গা হয়নি। তবে দলের বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই নির্বাচকরা তাঁকে ফিরিয়ে এনেছেন। মিচেল মার্শ ও মার্কাস স্টোইনিসের ফিটনেস নিয়ে উদ্বেগ থাকায় স্মিথের অন্তর্ভুক্তি ব্যাটিং বিভাগকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

প্যাট কামিন্সের পর হেজেলউডের প্রস্থান অজিদের বোলিং বিভাগকে কিছুটা দুর্বল করলেও স্মিথের অভিজ্ঞতাকে কাজে লাগাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন, দলের ভারসাম্য রক্ষা করতেই একজন বোলারের পরিবর্তে ব্যাটার স্মিথকে বেছে নেওয়া হয়েছে। অধিনায়ক মিচেল মার্শের চোটের আশঙ্কায় স্মিথকে আগেই শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, এবার আনুষ্ঠানিকভাবে তিনি মূল দলের সদস্য হলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *