নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, ২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যের ৭ আধিকারিক সরাসরি সাসপেন্ড

নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, ২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যের ৭ আধিকারিক সরাসরি সাসপেন্ড

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পশ্চিমবঙ্গের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসারকে (এআইআরও) সরাসরি সাসপেন্ড করল ভারতের নির্বাচন কমিশন। রবিবার নবান্নকে নির্দেশ পাঠানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই চরম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে অসদাচরণ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের সমশেরগঞ্জের শেফাউর রহমান, ফরাক্কার নীতীশ দাস, সুতির শেখ মুর্শিদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস। কমিশন জানিয়েছে, এসআইআর সংক্রান্ত কাজে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে, যার ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা।

এর আগে ভোটার তালিকায় ‘ভুয়ো’ নাম তোলার অভিযোগে রাজ্যের আরও চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কমিশন। সেই নির্দেশ কার্যকর করার বিষয়ে টালবাহানা চলায় গত শুক্রবার রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলবও করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সাত আধিকারিককে সরাসরি সাসপেন্ড করার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। স্বচ্ছতা বজায় রাখতে কমিশন যে কোনো ধরনের আপস করতে নারাজ, এই পদক্ষেপের মাধ্যমে তারা সেই বার্তাই স্পষ্ট করে দিল। আধিকারিকদের কেবল সাসপেন্ডই করা হয়নি, তাঁদের বর্তমান দায়িত্ব থেকেও অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *