কিলাউইয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, ৩০০ মিটার উঁচুতে লাভার ফোয়ারা

কিলাউইয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, ৩০০ মিটার উঁচুতে লাভার ফোয়ারা

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের কিলাউইয়া-তে শুরু হয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। গত ১৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটা থেকে টানা সাত ঘণ্টা ধরে আগ্নেয়গিরিটি থেকে গনগনে লাভা নির্গত হচ্ছে। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভার ফোয়ারা প্রায় ৩০০ মিটার উচ্চতা পর্যন্ত আছড়ে পড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ২০২৪ সালের শেষভাগ থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাত প্রক্রিয়ার এটি ৪২তম পর্ব।

হাওয়াইয়ের আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মাউন্ট কিলাউইয়ার একাধিক ফাটল দিয়ে তীব্র গতিতে গলিত লাভা বেরিয়ে আসছে। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত ছাই এবং ধোঁয়া আকাশপথে প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকার আকাশ রক্তাভ বর্ণ ধারণ করেছে। উল্লেখ্য যে, এর আগের ৪১তম পর্বটি মাত্র ১৯ দিন আগেই শেষ হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগ্নেয়গিরির বুক চিরে লাভার দুটি বিশাল ঊর্ধ্বমুখী স্রোত ভয়ংকর সুন্দর এক দৃশ্যের অবতারণা করেছে। লাইভ ওয়েবক্যামের মাধ্যমে বিশ্ববাসী এই অভূতপূর্ব প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছে। যদিও এই অগ্ন্যুৎপাতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি, তবে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বর্তমানে হাওয়াই দ্বীপপুঞ্জের এই সক্রিয় আগ্নেয়গিরিটি ঘিরে সতর্কতা জারি করা হয়েছে। ছাই ও বিষাক্ত গ্যাসের মেঘ জনবসতির দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন পর্যটক ও বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে। আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়গিরির অভ্যন্তরীণ ভূ-তাত্ত্বিক অস্থিরতার কারণেই এই ঘনঘন অগ্ন্যুৎপাত ঘটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *