ভোটার তালিকায় ‘তথ্যগত অসঙ্গতি’, হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ আবেদন

ভোটার তালিকায় ‘তথ্যগত অসঙ্গতি’, হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ আবেদন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘তথ্যগত অসঙ্গতি’ সংক্রান্ত নির্দেশিকার বিরুদ্ধে দায়ের করা একটি জনস্বার্থ মামলা সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনকারী জিমফারহাদ নওয়াজের আর্জি শুনতে অস্বীকার করে। আদালত স্পষ্ট জানায়, এই ধরনের অভিযোগ নিয়ে আবেদনকারীকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হবে।

আবেদনকারীর অভিযোগ ছিল, ভোটার তালিকায় তথ্যের অমিল দূর করার এই প্রক্রিয়া সংবিধানের ১৪ এবং ৩২৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। তবে শীর্ষ আদালত এই যুক্তিতে আমল দেয়নি। শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক বা পরিচয়ের সত্যতা যাচাই করা আদালতের কাজ কি না। বেঞ্চ কঠোর ভাষায় জানায়, কার বাবা, মা বা ভাই কে, তা আদালত স্থির করবে না।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে ভোটার তালিকায় থাকা ১.৩৬ কোটি (পরবর্তীতে সংশোধিত ৯৪ লক্ষ) ভোটারের তথ্যে অসামঞ্জস্যের তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী ব্লক ও পঞ্চায়েত স্তরে তালিকা টাঙানো এবং শুনানি প্রক্রিয়া গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এই সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আদালতের এই রায়ের ফলে নির্বাচন কমিশনের চলমান প্রক্রিয়ায় আপাতত কোনো আইনি বাধা রইল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *