মেমারিতে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ, উৎসবের রাতে মদ্যপ জামাইয়ের নক্কারজনক কীর্তি

পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মণ্ডল গ্রামে পারিবারিক উৎসবের আবহে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শাশুড়ির ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের অভিযোগে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে অভিযুক্ত ভাগ্নি জামাইকে। ধৃত যুবকের নাম শ্যামল মহালি, তিনি গয়েশপুর গ্রামের বাসিন্দা। এই নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মণ্ডল গ্রামে ওই পরিবারের একটি বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন শ্যামলও। দিনভর আনন্দ-উৎসবের পর রাতে পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে পড়েন, তখনই ঘটে এই অঘটন। অভিযোগ, মদ্যপ অবস্থায় শ্যামল ছাদের টালি সরিয়ে তাঁর মামিশাশুড়ির ঘরে প্রবেশ করেন এবং তাঁকে ধর্ষণ করেন।
প্রাথমিকভাবে বাড়ির অন্যান্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় নির্যাতিতার চিৎকার শুনতে পাননি। তবে কিছু সময় পর বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন অভিযুক্ত জামাইকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ৪৫ বছর বয়সী ওই নির্যাতিতা নিজেই মেমারি থানায় গিয়ে জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত শ্যামল মহালিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। উৎসবের রাতে আত্মীয়ের দ্বারা এহেন নক্কারজনক আচরণে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ।