এপস্টেইন ফাইলে এবার হর্ষ বর্ধনের নাম, বিল গেটসের সঙ্গে কথোপকথনে উঠে এল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রসঙ্গ

এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর পর এবার নাম জড়াল বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের। মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বার্তা বিনিময়ের একটি নথিতে হর্ষ বর্ধনের উল্লেখ পাওয়া গেছে। সদ্য প্রকাশিত মার্কিন বিচার বিভাগের ওই নথিতে দেখা যাচ্ছে, এপস্টেইন গেটসের কাছে ভারতে হর্ষ বর্ধনের সঙ্গে একটি পূর্ব নির্ধারিত বৈঠকের বিষয়ে জানতে চেয়েছিলেন।
নথি অনুযায়ী, এপস্টেইন বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, “১৭ সেপ্টেম্বর কি ভারতে আপনার সঙ্গে হর্ষ বর্ধনের পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে?” যদিও এই বৈঠকের বিষয়বস্তু বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য মেলেনি, তবে ভারতের রাজনৈতিক মহলে এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে বিল গেটসের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক এবং সেখানে ভারতের প্রাক্তন মন্ত্রীর নাম আসা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নামও এপস্টেইন ফাইলে আসায় উত্তাল হয়েছিল সংসদ। ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এপস্টেইনের সঙ্গে ই-মেল চালাচালির কথা স্বীকার করলেও পুরী দাবি করেন, সে সময় তিনি মন্ত্রী ছিলেন না এবং ব্যক্তিগত উদ্যোগে কোনো যোগাযোগ করেননি। উল্লেখ্য, ২০০৮ সালে নাবালিকার সঙ্গে যৌন সংসর্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও কেন এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল, তা নিয়ে সরকারের ওপর চাপ বাড়ছে।
এপস্টেইন মামলার এই নয়া নথি প্রকাশ্যে আসায় মোদি সরকারের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক স্তরে এই বিপুল কেলেঙ্কারির সঙ্গে একের পর এক ভারতীয় নেতার নাম জড়িয়ে পড়া ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।