‘আমার লুকানোর কিছু নেই’, এপস্টাইন যৌন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন: বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা জেফরি এপস্টাইন যৌন কেলেঙ্কারি মামলায় অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই বিতর্কিত মামলায় তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেন, “আমার লুকানোর মতো কিছুই নেই। এই ঘটনার সঙ্গে আমার কোনো দূরতম সম্পর্কও নেই। আমাকে সম্পূর্ণভাবে ক্লিনচিট দেওয়া হয়েছে।” উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল। সেই বিতর্কের সূত্র ধরেই ট্রাম্প নিজের অবস্থান পরিষ্কার করলেন।
নোবেল পুরস্কার ও স্টিভ ব্যানন প্রসঙ্গ
এপস্টাইন মামলার গোপন নথি থেকে ট্রাম্পের ‘নোবেল শান্তি পুরস্কার’ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননকে লেখা একটি ইমেলে এপস্টাইন দাবি করেছিলেন, নোবেল কমিটির প্রভাবশালীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার জন্য উদগ্রীব ছিলেন। যদিও শেষ পর্যন্ত ভেনেজুয়েলার এক সমাজকর্মী সেই সম্মান লাভ করেন।
বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার সঙ্গে প্রেসিডেন্টের কোনো আইনি সংশ্লিষ্টতা নেই।