তিনদিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ: চূড়ান্ত হতে পারে ৩.৬০ লক্ষ কোটির রাফাল চুক্তি

তিনদিনের সফরে সস্ত্রীক ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মুম্বই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। এই সফরের মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। আজ মুম্বইয়ে দুই নেতার আলোচনার পর রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে ঐতিহাসিক ঘোষণা আসতে পারে। এছাড়া দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিশেষ আলোচনায় অংশ নেবে।
প্রতিরক্ষা খাতে ভারতের সামরিক ইতিহাসে অন্যতম বৃহত্তম চুক্তি হিসেবে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আনুমানিক ৩.৬০ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের একটি বড় অংশ ‘মেক ইন ইন্ডিয়া’র অধীনে ভারতেই তৈরি হবে। গত সপ্তাহে ডিফেন্স অ্যািশন কাউন্সিল এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। বর্তমানে ভারতের কাছে ৬২টি রাফাল থাকলেও, নতুন এই চুক্তির ফলে মোট সংখ্যা ১৭৬-এ পৌঁছাবে, যা দেশের বায়ুসেনাকে বিশ্বদরবারে আরও শক্তিশালী করে তুলবে।
কূটনৈতিক কর্মসূচির অংশ হিসেবে দুই রাষ্ট্রপ্রধান মুম্বইয়ের রাজভবনে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। এরপর তাঁরা ‘ইন্ডিয়া-ফ্রান্স ইনোভেশন ফোরাম’ এবং গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশেষজ্ঞ মহলের মতে, ম্যাক্রোঁ-মোদীর এই বৈঠক ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সফর কেবল সামরিক সরঞ্জাম কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।