জানুয়ারিতে দেশে বেকারত্বের হার বেড়ে ৫ শতাংশ, উদ্বেগের কেন্দ্রে গ্রামীণ অর্থনীতি

জাতীয় পরিসংখ্যান অফিস (NSO)-এর সাম্প্রতিক শ্রমশক্তি সমীক্ষা অনুযায়ী, জানুয়ারি মাসে দেশে ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বেকারত্বের হার বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই হার ছিল ৪.৮ শতাংশ। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মূলত গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাওয়ার কারণেই জাতীয় স্তরে বেকারত্বের এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে শ্রমশক্তি অংশগ্রহণের হার (LFPR) এবং শ্রমিক জনসংখ্যা অনুপাত (WPR)—উভয়ই নিম্নমুখী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালীন মৌসুমে কৃষি কাজ ও ফসল কাটার পরবর্তী মন্দার পাশাপাশি নির্মাণ ও ক্ষুদ্র ব্যবসার গতি ধীর হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়াগত কারণ এবং কৃষিকাজে অনিচ্ছাও গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে মোদী সরকার উৎপাদন ও কর্মসংস্থান ভিত্তিক আর্থিক উৎসাহ প্রকল্প চালু করলেও, পরিসংখ্যানে তার উল্লেখযোগ্য প্রতিফলন এখনও দেখা যায়নি। অর্থনীতিবিদদের মতে, কর্মসংস্থানের এই ঘাটতি দেশের সামগ্রিক আর্থিক উন্নতির পথে অন্যতম প্রধান অন্তরায়। গত এপ্রিল থেকে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে বেকারত্বের হার প্রকাশ শুরুর পর থেকে ডিসেম্বরের সামান্য উন্নতি বাদে পরিস্থিতি এখনও ৫ শতাংশের আশেপাশে থমকে আছে।