এআই কেড়ে নেবে না বরং তৈরি করবে নতুন চাকরি, প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে আশার কথা শোনালেন প্রযুক্তিবিদরা

দিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। ভারত মণ্ডপমে আয়োজিত এই মেগা ইভেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রোসফট, গুগল, মেটা থেকে শুরু করে বিশ্বের ৩০টি দেশের প্রযুক্তিবিদরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে সাধারণ মানুষের মনে কাজ হারানোর যে ভয় দানা বেঁধেছে, সেই মেঘ কাটাতে একজোট হলেন বিশেষজ্ঞরা।
ইনফোসিসের এআই বিভাগের প্রধান সতীশ সীতারামাইয়া এবং মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনীত চার্ণক সাফ জানিয়েছেন যে এআই কাজ কাড়বে না বরং কাজের ধরন বদলে দেবে। তাঁদের মতে, এই প্রযুক্তি ব্যবহারের জন্য দক্ষ কর্মীর প্রয়োজন আগের চেয়ে অনেক বাড়বে। বর্তমানে বিশ্বজুড়ে এআই ইঞ্জিনিয়ারদের যে বিপুল চাহিদা তৈরি হয়েছে, তার মধ্যে ভারতীয়দের কদর সবথেকে বেশি। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে ১৩টি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একযোগে কাজ করার ঐতিহাসিক ঘোষণাও করতে চলেছে।