দেশের সব পুরসভার ভাগ্যবদল! কেন্দ্রের কাছে বিশাল অংকের অনুদান চাইল ১৬তম অর্থ কমিশন

নয়াদিল্লি: দেশের শহর ও নগরাঞ্চলের ভোল পাল্টে দিতে এবার নজিরবিহীন পদক্ষেপের পথে ১৬তম অর্থ কমিশন। আগামী পাঁচ বছরের জন্য দেশের পুরসভা ও কর্পোরেশনগুলির উন্নয়ন খাতে প্রায় ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে কমিশন। স্বাধীনতার পর থেকে পুরসভাগুলির জন্য এত বিপুল অংকের অনুদানের প্রস্তাব আগে কখনও দেওয়া হয়নি।
অর্থকষ্টে ধুঁকতে থাকা পুরসভাগুলির জন্য বড় খবর
নগরায়নের প্রধান চালিকাশক্তি হওয়া সত্ত্বেও ভারতের অধিকাংশ পুরসভা সারাবছর চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলে। কমিশনের মতে, এর জন্য কেবল রাজ্য সরকারগুলিকে দায়ী করা চলে না। কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করা হলেও পুরসভাগুলির আর্থিক পরিকাঠামো মজবুত করার জন্য সুনির্দিষ্ট কোনও স্থায়ী নীতি নেই বললেই চলে। বর্তমানে সামান্য কিছু অনুদান পাওয়া গেলেও তার সঙ্গে জুড়ে দেওয়া হয় একগুচ্ছ কঠিন শর্ত। ফলে বহু পুরসভা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়।
যে চার উপায়ে আসবে টাকা
এই সমস্যা সমাধানে ষোড়শ অর্থ কমিশন এবার চার ধরনের বিশেষ অনুদানের প্রস্তাব দিয়েছে:
- বেসিক গ্র্যান্ট: প্রাথমিক পরিষেবার জন্য সবথেকে বেশি অর্থাৎ প্রায় আড়াই লক্ষ কোটি টাকা।
- পারফরম্যান্স ভিত্তিক অনুদান: ভালো কাজের নিরিখে অতিরিক্ত টাকা।
- স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার: বিশেষ পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ।
- আরবানাইজেশন প্রিমিয়াম: দ্রুত নগরায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ তহবিল।
উল্লেখ্য, গত পঞ্চদশ অর্থ কমিশন ২০২০-২৫ সালের জন্য মাত্র ১.৫ লক্ষ কোটি টাকার সুপারিশ করেছিল। এবার সেই অংক এক লাফে কয়েক গুণ বাড়িয়ে ৪ লক্ষ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার, কেন্দ্রীয় সরকার এই সুপারিশ সম্পূর্ণ গ্রহণ করে কি না। কারণ সাম্প্রতিক সময়ে পুরসভাগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে একঝাঁক সংস্কারমূলক শর্ত চাপিয়েছিল কেন্দ্র। কমিশনের এই নতুন প্রস্তাবের ফলে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা ও শহরের উন্নয়নে বড়সড় বদল আসে কি না, সেটাই এখন দেখার।