যুবসাথী প্রকল্পের আবেদন এবার অনলাইনে, জানুন আবেদনের পদ্ধতি ও প্রয়োজনীয় নথী

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করতে এবার অনলাইন পোর্টাল চালু করা হলো। ১৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ক্যাম্পে আবেদনের ভিড় বাড়ায় অফলাইনের চাপ কমাতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে আগ্রহী প্রার্থীরা সরাসরি https://apas.wb.gov.in/ পোর্টালে গিয়ে ঘরে বসেই ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। সফল আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন।
অনলাইনে আবেদনের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক এবং কাস্ট সার্টিফিকেটের (যদি থাকে) পিডিএফ ফরম্যাট প্রয়োজন। এছাড়া ডিজিটাল পাসপোর্ট ছবি ও স্ক্যান করা স্বাক্ষর আপলোড করতে হবে। পোর্টালে মোবাইল নম্বর ও ওটিপি যাচাইয়ের মাধ্যমে লগইন করে আবেদনপত্রটি পূরণ করা যাবে। মনে রাখবেন, একটি বৈধ মোবাইল নম্বর থাকা আবশ্যিক। সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পর আবেদনটি সাবমিট করতে হবে।
যাঁরা ক্যাম্পে গিয়ে আবেদন করতে চান, তাঁদের সুবিধার্থে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত (রবিবার ও ছুটির দিন বাদে) এই ক্যাম্পগুলি চলবে। ভিড় এড়াতে প্রার্থীরা চাইলে https://sportsandyouth.wb.gov.in/ ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে আগে থেকেই পূরণ করে নিয়ে যেতে পারেন। অনলাইনে আবেদন করার পর ভবিষ্যৎ রেফারেন্সের জন্য ফর্মটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। মূলত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।