কারাগারে ইমরান খানের চোখের চিকিৎসায় উন্নতির আভাস

কারাগারে ইমরান খানের চোখের চিকিৎসায় উন্নতির আভাস

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের চিকিৎসায় ইতিবাচক উন্নতির খবর জানিয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। গত রবিবার পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং আল-শিফা ট্রাস্ট আই হাসপাতালের চিকিৎসকেরা জেলের ভেতরেই ৭৩ বছর বয়সী প্রাক্তন এই প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করেন। সোমবার প্রকাশিত সেই রিপোর্টে জানানো হয়েছে যে, আগের তুলনায় তাঁর চোখের অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, চশমা ব্যবহারের পর ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৯ (আংশিক) এবং বাম চোখের দৃষ্টিশক্তি ৬/৬-এ পৌঁছেছে। এর আগে চশমা ছাড়া তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ছিল মাত্র ৬/২৪। এ ছাড়া তাঁর ডান চোখের রেটিনার নিচের অংশের ফোলাভাব ৫৫০ মাইক্রন থেকে কমে ৩৫০ মাইক্রন হয়েছে, যা চিকিৎসকদের মতে একটি আশাব্যঞ্জক লক্ষণ। বোর্ড তাঁকে নির্দিষ্ট আইড্রপ ব্যবহারের পাশাপাশি আরও দুটি বিশেষ পরীক্ষার পরামর্শ দিয়েছে।

মেডিক্যাল বোর্ডের এই পর্যবেক্ষণ ইমরানের ব্যক্তিগত চিকিৎসক আসিম ইউসুফকে জানানো হয়েছে। তবে আসিম ইউসুফ দাবি করেছেন যে, পূর্ণাঙ্গ নিশ্চিত হওয়ার জন্য তাঁকে এবং ফয়সাল সুলতানকে সশরীরে পরীক্ষার অনুমতি দিতে হবে। তিনি ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের অগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেট অধিনায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *