‘ডিজিটাল গ্রেফতারি’ চক্রের পর্দাফাঁস, তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে কলকাতায় ধৃত ১

‘ডিজিটাল গ্রেফতারি’ চক্রের পর্দাফাঁস, তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে কলকাতায় ধৃত ১

কলকাতার বেহালার এক দম্পতিকে ‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মহম্মদ আমজাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত বছরের অক্টোবর মাসে সিবিআই ও ইডি আধিকারিক সেজে ভিডিও কলের মাধ্যমে ওই দম্পতিকে মাদক পাচারের মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখায় প্রতারকরা। গ্রেফতারি এড়াতে ভুক্তভোগী ব্যবসায়ী তিন কোটি এক লক্ষ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠান।

তদন্তে নেমে সাইবার ক্রাইম শাখা জানতে পারে, অভিযুক্তরা ভিডিও কলে ভুয়ো পরিচয়পত্র ও সরকারি নথি দেখিয়ে দম্পতিকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। নিজেদের আইপিএস অফিসার পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করলে দীর্ঘ তদন্তের পর মারকুই স্ট্রিট এলাকা থেকে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।

গ্রেফতারির আগে আমজাদের ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ইলেকট্রনিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে ১২টি সিম বক্স, ১৭টি মোবাইল ফোন, ২,২৫০টি সিম কার্ড, ৯টি রাউটার এবং একটি ল্যাপটপ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আন্তঃরাজ্য কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *