আরজি কর দুর্নীতি মামলা: রাজ্য সরকারের অনুমোদনের অভাবে থমকে সন্দীপদের বিচারপ্রক্রিয়া

আরজি কর দুর্নীতি মামলা: রাজ্য সরকারের অনুমোদনের অভাবে থমকে সন্দীপদের বিচারপ্রক্রিয়া

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি চার্জশিট জমা দিলেও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ চারজনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। সোমবার নিম্ন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি অনুমোদনের (স্যাংশন) অভাবই এর প্রধান কারণ। নিয়ম অনুযায়ী, গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকাকালীন কারোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি বিভাগের অনুমতির প্রয়োজন হয়।

তদন্তকারী সংস্থার প্রথম চার্জশিটে সন্দীপ ঘোষ ছাড়াও চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরার নাম রয়েছে। ইডির দাবি, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ পরিকল্পিতভাবে বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে সরিয়ে ফেলা এবং আত্মসাৎ করা হয়েছে। অপরাধের এই লব্ধ অর্থ আড়াল করতে নগদে টাকা লেনদেনের অভিযোগও আনা হয়েছে চার্জশিটে।

রাজ্য সরকারের অনুমোদন না মেলায় চার্জশিটের পরবর্তী আইনি পদক্ষেপ স্থগিত রয়েছে। সোমবার শুনানি শেষে আদালত এই মামলার পরবর্তী দিন ধার্য করেছে আগামী ৭ এপ্রিল। বর্তমানে ইডি ও সিবিআই উভয় সংস্থাই হাসপাতালের এই আর্থিক অনিয়মের তদন্ত চালাচ্ছে, তবে প্রশাসনিক সায় না পাওয়ায় বিচারপ্রক্রিয়ার ভবিষ্যৎ এখন ঝুলে রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *