দমদমে জঞ্জালের পাহাড়ে রাজত্ব করছে গরু, দুর্গন্ধে অতিষ্ঠ স্কুলপড়ুয়া থেকে বাসিন্দারা

দমদম পুর এলাকায় জনস্বাস্থ্য এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। মনুজেন্দ্র দত্ত রোড থেকে পিকে গুহ রোড— সর্বত্রই রাস্তার ওপর জমে রয়েছে প্লাস্টিক আর পচা খাবারের স্তূপ। এমনকি অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের সামনেও ছবিটা তথৈবচ। সেখানে জঞ্জালের স্তূপে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে গরু, আর সেই দুর্গন্ধ সহ্য করেই নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুলপড়ুয়া ও অভিভাবকদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই দু-তিন দিন ধরে সাফাই গাড়ি আসে না। ফলে পচন ধরা আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বিশেষ করে বর্ষাকালে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যা থেকে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মারণ রোগের আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। পরিবেশকর্মীরাও সতর্ক করছেন যে, এভাবে খোলা জায়গায় বর্জ্য পড়ে থাকলে বায়ুদূষণ ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ করা আসাম্ভব হয়ে পড়বে।
যদিও দমদম পুরসভার চেয়ারপার্সন হরিন্দর সিং দাবি করেছেন যে নিয়মিত জঞ্জাল সাফাই করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে ভ্যাটের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে পুরপ্রধানের এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, যদি নিয়মিত সাফাই চলত, তবে কেন দিনের পর দিন রাস্তার ওপর আবর্জনার পাহাড় জমে থাকছে? অবিলম্বে নির্দিষ্ট সময়ে জঞ্জাল অপসারণ এবং নজরদারি বাড়ানোর দাবিতে এখন সরব গোটা দমদম।