ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে এবার রাস্তায় নামছেন রাহুল গান্ধী

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে এবার রাস্তায় নামছেন রাহুল গান্ধী

ভারত ও আমেরিকার মধ্যে হওয়া সাম্প্রতিক বাণিজ্য চুক্তি ঘিরে তোলপাড় দেশ। কেন্দ্রীয় সরকার এই চুক্তিকে লাভজনক দাবি করলেও, বিরোধীরা একে কৃষকদের স্বার্থবিরোধী বলে তোপ দেগেছে। এই পরিস্থিতিতে মোদী সরকারের ওপর চাপ বাড়াতে এবার সরাসরি আন্দোলনের ময়দানে নামছে কংগ্রেস। আগামী ২৮ ফেব্রুয়ারি বা ১ মার্চ পাঞ্জাব থেকে এই বড় মাপের প্রতিবাদী সমাবেশের সূচনা হতে চলেছে, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

পাঞ্জাব কংগ্রেসের ইনচার্জ তথা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সোমবার চণ্ডীগড়ে এক বৈঠকের পর এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, ভারত-মার্কিন এই বাণিজ্য চুক্তির ফলে দেশের কৃষকরা চরম সংকটের মুখে পড়বেন। কংগ্রেস শুরু থেকেই সংসদের ভেতরে ও বাইরে এই চুক্তির বিরোধিতা করে আসছে। এবার সেই লড়াইকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পাঞ্জাব থেকে আন্দোলনের সূত্রপাত করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কের চ্যালেঞ্জ প্রসঙ্গে বাঘেল বলেন, “অমিত শাহ যদি বিতর্ক করতে চান, তবে আমরা প্রস্তুত। কৃষকরাও সেখানে থাকবেন। উনি শুধু সময় আর জায়গা ঠিক করুন।” রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, এই চুক্তির মাধ্যমে দেশের কৃষকদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হচ্ছে।

সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং জানিয়েছেন, শুধুমাত্র বাণিজ্য চুক্তিই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ১০০ দিনের কাজের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়েও কংগ্রেস মানুষের দুয়ারে পৌঁছাবে। সোমবার চণ্ডীগড়ে দলের জেলা সভাপতি, বিধায়ক এবং পদাধিকারীদের সঙ্গে ম্যারাথন বৈঠক সেরে আগামীর রণকৌশল চূড়ান্ত করেছে হাত শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *