এআই প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, আশাবাদী ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে বলে মন্তব্য করেছেন ওপেনএআই-এর কর্ণধার স্যাম অল্টম্যান। নয়াদিল্লিতে আয়োজিত ‘গ্লোবাল এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ যোগ দিয়ে তিনি জানান, আমেরিকায় পর ভারতই চ্যাটজিপিটি-র বৃহত্তম ব্যবহারকারী বাজার। বর্তমানে ভারতে প্রায় ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং বৈজ্ঞানিক গবেষণার টুল ‘প্রিজম’ ব্যবহারে ভারত বিশ্বে চতুর্থ।
সম্প্রতি ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের টানাপড়েন এবং মার্কিন প্রশাসনের একাংশের সমালোচনার মুখেও ভারতের প্রতি স্যাম অল্টম্যানের এই সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার পক্ষ থেকে ওপেনএআই-এর পরিষেবা নিয়ে প্রশ্ন তোলা হলেও অল্টম্যান ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ভারতে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারকে কেন্দ্র করে তারা এ দেশে ব্যবসার আরও প্রসার ঘটাতে আগ্রহী।
ইতিমধ্যেই ভারতে নতুন দপ্তর খুলেছে ওপেনএআই এবং বিভিন্ন অলাভজনক সংস্থার কর্মকর্তাদের এআই বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অল্টম্যান ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে ভারত সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বড় কোনো সমঝোতার পথে হাঁটতে পারে তার সংস্থা। বিশেষ করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ভারতীয়দের চ্যাটজিপিটি ব্যবহারের প্রবণতা আগামী দিনে ভারতকে এই বৈশ্বিক প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করবে বলে তিনি মনে করেন।