বাবার পর এবার ছেলে, বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার বিকেলে শপথ নিতে চলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্পিকার পদটি শূন্য থাকায় সংসদ সদস্যদের শপথ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ শুভেচ্ছা বার্তা নিয়ে ঢাকা পৌঁছাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারতের পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও হস্তান্তর করা হবে। ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের প্রতিনিধি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
তারেক রহমানের এই অভিষেকের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার নজির তৈরি হচ্ছে। এর আগে তাঁর বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া দেশের শীর্ষ পদে আসীন ছিলেন। তবে সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আইনি আপত্তি তোলা হয়েছে। বর্তমানে ১২০০ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।