বাংলাদেশে নতুন অধ্যায়: পদত্যাগ করলেন ইউনূস, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

বাংলাদেশে সাধারণ নির্বাচনে বিএনপি-র নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক পটপরিবর্তন সম্পন্ন হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন। ২০২৪-এর আন্দোলনে যুবসমাজের ভূমিকার প্রশংসা করে তিনি ভবিষ্যতে গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন। ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ চত্বরেই এই রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারেক রহমানের এই শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা ও উৎসবের আমেজ বিরাজ করছে ঢাকা জুড়ে। নতুন সরকারের যাত্রার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।